বাংলাদেশি পর্যটক ফিরছে শুনেই মিষ্টি বিতরণ কলকাতায়।
খবরটা পৌঁছাতেই নিউ মার্কেটে উৎসবের আমেজ। ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণায় শনিবার কলকাতার ব্যবসায়ীরা একে অপরকে মিষ্টিমুখ করান।
কারণটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ায় নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ব্যবসা প্রায় ৬০ শতাংশ পড়ে যায়। কেউ ঋণ নিয়েছেন, কেউ ব্যবসা গুটিয়েছেন, কেউ পেশাই বদলে ফেলেছেন।
মারকুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ সাহা বলছেন, গত দুই বছর সত্যিই অনেক কঠিন ছিল। এখন আবার প্রাণ ফিরবে বলে আশা করছেন তারা।
শুধু উৎসবেই থামেননি ব্যবসায়ীরা। বিকেলে বৈঠক বসিয়ে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা, সেবার মান আর অবকাঠামো নিয়ে পরিকল্পনাও সেরেছেন। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা — সব পর্যালোচনা হয়েছে। লক্ষ্য একটাই, বাংলাদেশিরা যেন আগের মতোই নির্ভয়ে কলকাতায় আসতে পারেন।

মতামত দিন