অপরাধ
ছবি: সংগৃহীত

কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি—ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

প্রাণ বাঁচাতে ভবনের কার্নিশের রড ধরে ঝুলে ছিলেন আমির হোসেন। তবু তাকে ছাড়েনি পুলিশ — ছয় রাউন্ড গুলি করা হয় সেই অবস্থায়।

জুলাই গণঅভ্যুত্থানের সেই নৃশংস ঘটনার বিচার আজ রোববার হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

দুপুর ১২টা ২৫ মিনিটে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান। রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম পেয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড। একমাত্র গ্রেপ্তার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ড। বাকি চার আসামি এখনো পলাতক।

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ১৯ জুলাই। পুলিশের গুলি থেকে বাঁচতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠেছিলেন আমির হোসেন। ছাদের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করা হলে গুরুতর আহত হন তিনি। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

রায় ঘোষণার পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

মতামত দিন