প্রক্সি দিয়ে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত: শেহবাজ।
গত বছরের মে মাসের সংঘাতে সরাসরি পেরে না উঠে ভারত এখন ভেতর থেকে পাকিস্তানকে অস্থির করার চেষ্টা করছে — এই গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার করাচিতে পাকিস্তান নৌবাহিনী একাডেমির সমাপনী কুচকাওয়াজে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পূর্বের প্রতিবেশী এখন গোপন চক্রান্ত ও প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে দেশের ভেতরে বিশৃঙ্খলা ছড়ানোর পথ বেছে নিয়েছে।
শুধু পূর্ব সীমান্ত নয়, পশ্চিম দিক থেকেও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসের হুমকি সামলাতে হচ্ছে বলে জানান তিনি। তবে এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ সশস্ত্র বাহিনীর পাশে আছে বলেও আস্থা প্রকাশ করেন শেহবাজ।
কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' স্বাক্ষরে পাকিস্তানই মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে নতুন পরিচয় দিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ, তুরস্ক, বাহরাইন, ইরাক, শ্রীলঙ্কা ও জিবুতির নবীন নৌ-কর্মকর্তারাও অংশ নেন, যা তাকে বিশেষভাবে আনন্দিত করেছে বলে জানান শেহবাজ।
সূত্র: ডন নিউজ

মতামত দিন