ইবোলার ভয়ে ভারতে ঢুকতে এখন অনলাইনে স্বাস্থ্যফর্ম বাধ্যতামূলক।
আফ্রিকায় ইবোলার আতঙ্ক এখন ভারতের বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভারতে আসতে চাইলে এখন আগেভাগে অনলাইনে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানাতে হবে।
যাত্রার আগের ২৪ ঘণ্টার মধ্যে এই ফর্ম পূরণ করতে হবে। জানাতে হবে গত ২১ দিনে কোথায় কোথায় গেছেন, ইবোলা-আক্রান্ত এলাকায় ছিলেন কি না এবং জ্বর, শরীরব্যথা বা রক্তক্ষরণের মতো কোনো উপসর্গ আছে কি না। ভারতে নামার পর এই ফর্ম স্বাস্থ্য ডেস্ক বা ইমিগ্রেশনে দেখালেই হবে, আলাদা কাগজ পূরণ করতে হবে না।
উদ্যোগটির পেছনে কারণ স্পষ্ট। গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডি আর কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এবারের ভাইরাসটি 'বুন্ডিবুগিও' ধরনের, যার জন্য এখনো কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই।
গত পাঁচ দশকে আফ্রিকায় ইবোলায় মারা গেছেন ১৫ হাজারের বেশি মানুষ। তবে ডব্লিউএইচও বলছে, দ্রুত ব্যবস্থা নিলে এবারের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
মতামত দিন