জাতীয়
ছবি: সংগৃহীত

গণনা শেষ না হতেই রেকর্ড ভাঙল পাগলা মসজিদের দানবাক্সের টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

বেলা ৩টা বাজে, গণনা তখনো চলছে — আর ততক্ষণেই রেকর্ড ভেঙে গেছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে আজ শনিবার বিকেল পর্যন্ত মিলেছে সাড়ে ১২ কোটি টাকা।

ছয় মাস আগে পাওয়া সর্বোচ্চ ১১ কোটি ৭৮ লাখ টাকার রেকর্ড তখনো গণনা শেষ হওয়ার আগেই ছাড়িয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত গণনা চলার কথা, ধারণা করা হচ্ছে মোট টাকা ১৫ কোটি ছাড়িয়ে যেতে পারে।

সকাল ৭টায় দানবাক্স খোলার পর শুরু হয় গণনা। লোহার সিন্দুক থেকে বস্তায় ভরে মেঝেতে ঢেলে টাকা গোনার এই দৃশ্য পরিচিত হলেও এবারের অঙ্কটা সবাইকে চমকে দিচ্ছে। দুটি মাদ্রাসার সাড়ে তিনশো শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ কর্মী আর মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলিয়ে প্রায় ৮০০ মানুষ এই বিশাল গণনাকাজে যুক্ত।

দেশের দূর-দূরান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এই মসজিদে দান করতে আসেন। টাকার পাশাপাশি আসে বৈদেশিক মুদ্রা, সোনার গয়না, হীরা, এমনকি হাঁস-মুরগি আর গরু-ছাগলও।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানিয়েছেন, এ পর্যন্ত ব্যাংকে জমা আছে প্রায় ১১৪ কোটি টাকার বেশি। আজকের টাকাও গণনা শেষে সেখানে যোগ হবে। জমা টাকার মুনাফা থেকে জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় ও জটিল রোগীদের সহায়তা করা হয়।

মতামত দিন