জাতীয়
ছবি: সংগৃহীত

‘আমি প্রথম টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই’—রহস্যময় বার্তায় মাহফুজ আলম।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। নিজের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন, তিনি হয়তো প্রথম লক্ষ্যবস্তু হতে পারেন, তবে ঘটনাটি তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে মাহফুজ আলম লেখেন, তার পর আরও অনেককে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। তার ভাষায়, প্রকৃত মানুষের জায়গা ধীরে ধীরে ‘ক্রীড়নকরা’ দখল করবে এবং এর পরিণতি শুভ হবে না।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, কোনোভাবেই এমন অবস্থানে যাওয়া উচিত নয়, যেখানে অন্যের স্বার্থ রক্ষায় নিজেকেই শেষ পর্যন্ত বলি হতে হয়। পাশাপাশি অভ্যন্তরীণ বিভাজন ও সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি জাতীয় স্বার্থে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টের শেষদিকে মাহফুজ আলম জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি বক্তব্য উদ্ধৃত করেন। সেখানে ক্ষমতা ও বলির পাঁঠার ধারণা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি ফরাসি দার্শনিক রেনে জিরারের লেখাও পড়ার পরামর্শ দেন।

তবে পুরো পোস্টজুড়েই তিনি কোনো ব্যক্তি, সংগঠন বা সাম্প্রতিক নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে তার এই বক্তব্যের পেছনে ঠিক কোন প্রেক্ষাপট রয়েছে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও তিনি নিজে এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি।

মতামত দিন