রাজনীতি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সহযোগিতার নতুন দ্বার খুলেছে: মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সাফল্যের স্বীকৃতি জানিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সফর চলাকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠকে বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে।

মির্জা ফখরুল বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে নিজের নেতৃত্বের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন। তিনি দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন।

তিনি আরও বলেন, বিদেশ সফরে যাওয়া কিংবা দেশে ফেরার সময় জাঁকজমকপূর্ণ সংবর্ধনার দীর্ঘদিনের প্রচলিত সংস্কৃতি থেকে সরে এসে প্রধানমন্ত্রী ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি ভোটে দিলে সংসদ সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করে।

মতামত দিন