ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডব, নিহত বেড়ে ৯২০।
ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ৯২০ জনে পৌঁছেছে।
জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান বার্তাসংস্থা এএফপিকে জানান, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা শহর। সেখানে অন্তত আড়াইশ ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে দিন-রাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে উদ্ধার কার্যক্রমে নানা ধরনের প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দেশটির সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তাও পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তুরস্ক, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ উদ্ধার সরঞ্জাম, বিশেষজ্ঞ দল ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে।
গত বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। পরপর দুই দফা ভূমিকম্পে বহু এলাকায় ভবন ধসে পড়ে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং বিদ্যুৎ ও জরুরি সেবায় মারাত্মক বিঘ্ন ঘটে।

মতামত দিন