অপরাধ
ছবি: সংগৃহীত

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যা, প্রাণে বাঁচল বড় ছেলে।

নিজেস্ব প্রতিবেদক:

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি দম্পতি ও তাদের কন্যাসন্তান। এ ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন পরিবারের বড় ছেলে।

শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার একটি আবাসিক ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ইতালীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, নিহতরা হলেন কামাল উদ্দিন (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) এবং ছয় বছর বয়সী মেয়ে আলিসিয়া।

হামলার সময় বাসায় থাকা ১৮ বছর বয়সী ছেলে অনিয়নও ছুরিকাঘাতে আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর বসুরহাট এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ মনে করছে, হামলাকারী পরিবারের পরিচিত কেউ হতে পারে। কারণ বাসার মূল দরজা বা প্রবেশপথে জোরপূর্বক ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে তদন্তকারীরা। সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন