ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলা, আহত দুই পুলিশ কর্মকর্তা।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। দেশীয় অস্ত্রের আঘাতে আহত ওই কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে।
আহতরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাশিদুল ইসলামকে ধরতে তার বাড়িতে অভিযান চালান দুই কর্মকর্তা। অভিযানের সময় তাকে নিয়ন্ত্রণে নেওয়া হলেও তিনি পোশাক পরিবর্তনের কথা বলে ঘরে প্রবেশ করেন। পরে ঘর থেকে দেশীয় অস্ত্র নিয়ে বেরিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যান।
হামলায় দুই পুলিশ সদস্য আহত হলে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনারুল ইসলাম জানান, আহতদের মধ্যে এসআই রুহুল আমীনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন