অপরাধ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যার পর গণপিটুনিতে নিহত অন্তরের লাশ নিল না পরিবার।

নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত অন্তর মজুমদারের মরদেহ শেষ পর্যন্ত তার নিকটাত্মীয়দের কেউ গ্রহণ করেননি। পরিবারের সদস্যরা এগিয়ে না আসায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মরদেহ গ্রহণে আগ্রহ দেখাননি। পরে সংশ্লিষ্ট থানা, স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের সহায়তায় এক দূর সম্পর্কের চাচাতো ভাইকে এনে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, অন্তর মজুমদারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা এলাকায়। মরদেহ হস্তান্তরের জন্য সেখানকার থানার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা মরদেহ নিতে অস্বীকৃতি জানালে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরূপ পাল বলেন, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনাতেও পৃথক একটি মামলা হয়েছে। রায়পুর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেছেন।

গত বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীপাড় এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম ও তার তিন মেয়ের ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

হামলার পর স্থানীয় লোকজন অভিযুক্ত অন্তর মজুমদারকে ধরে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।

মতামত দিন