সৌদির সীমান্তে জব্দ আড়াই কোটির বেশি মাদক।
সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে ব্যাপক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্যের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটির তথ্য অনুযায়ী, গত এক বছরে বিভিন্ন সীমান্তপথে পরিচালিত অভিযানে ২ কোটি ৫১ লাখ ১২ হাজার ৩৭৮টি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত মাদক ট্যাবলেট জব্দ করা হয়েছে।
২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত পরিচালিত এসব অভিযানে পাচারকারীদের নানা কৌশল ভেস্তে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, সীমান্তে নজরদারি বাড়ানো, আধুনিক স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার এবং কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের কারণেই এত বড় পরিমাণ মাদক আটক সম্ভব হয়েছে।
তদন্তে উঠে এসেছে, মাদক পাচারের জন্য অপরাধীরা খাদ্যসামগ্রী, শিল্পযন্ত্র, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাককে আড়াল হিসেবে ব্যবহার করছিল। অনেক ক্ষেত্রে সীমান্ত পেরিয়ে দেশের ভেতরেও গোপনে মাদক পরিবহনের পরিকল্পনা ছিল।
কাস্টমস কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিনির্ভর তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করায় এসব চালান শনাক্ত করা সহজ হয়েছে। ভবিষ্যতেও মাদক চোরাচালানের বিরুদ্ধে একই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
মতামত দিন