আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্রায় ৫০ বছর পর জাপানের ভিসা ফি বাড়ছে, ১ জুলাই থেকে নতুন হার কার্যকর হবে।

নিজেস্ব প্রতিবেদক:

বিদেশি ভ্রমণকারীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হওয়া জাপানে প্রবেশ এখন আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হতে যাচ্ছে। প্রায় অর্ধশতাব্দী পর দেশটি ভিসা ফি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

করোনা মহামারির সময় কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের কারণে পর্যটন খাত বড় ধাক্কা খেলেও পরবর্তীতে পরিস্থিতি দ্রুত বদলে যায়। সীমান্ত খুলে দেওয়ার পর বিদেশি পর্যটকদের ব্যাপক সাড়া পায় জাপান। গত বছর দেশটিতে আগত আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যায়।

নতুন ব্যবস্থায় একবার প্রবেশের ভিসার জন্য আবেদনকারীদের আগের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ গুনতে হবে। একইভাবে একাধিকবার প্রবেশের সুবিধাসংবলিত ভিসার খরচও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

জাপান সরকার বলছে, দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা ফি বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিশেষ করে মূল্যস্ফীতি এবং মুদ্রার বিনিময় হারের বড় পরিবর্তন বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু ভিসা নয়, বিদেশিদের বিভিন্ন অভিবাসন ও বসবাসসংক্রান্ত সেবার ক্ষেত্রেও নতুন ফি কাঠামো প্রণয়ন করা হয়েছে। স্থায়ী বসবাসের আবেদন, ভিসার ধরন পরিবর্তন এবং মেয়াদ নবায়নের মতো সেবাগুলোর খরচও বাড়ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইয়েনের দরপতনের ফলে জাপান বিদেশি পর্যটকদের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। তাই ভিসা ব্যয় বৃদ্ধি হলেও পর্যটক প্রবাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কম।

জাপানের কর্তৃপক্ষের ভাষ্য, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে এবং প্রশাসনিক ব্যয় সমন্বয়ের লক্ষ্যেই নতুন ফি কাঠামো চালু করা হচ্ছে। ফলে দেশটিতে ভ্রমণ বা দীর্ঘমেয়াদি বসবাসের পরিকল্পনা থাকলে আবেদনকারীদের এখন থেকে বাড়তি খরচের বিষয়টি মাথায় রাখতে হবে।

মতামত দিন