শনিবার সীমিত পরিসরে খোলা থাকবে যেসব ব্যাংক শাখা।
আম ব্যবসার ব্যস্ত মৌসুমে আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী বিভাগের বিভিন্ন আমবাজারসংলগ্ন ব্যাংক শাখাকে আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত আকারে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকায় বর্তমানে আম বেচাকেনা ঘিরে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে। মৌসুমি এসব বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হওয়ায় ব্যাংকিং সেবা সচল রাখা প্রয়োজন হয়ে পড়েছে।
নির্দেশনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুরসহ সংশ্লিষ্ট আম উৎপাদন ও বিপণন এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো প্রয়োজন অনুযায়ী শনিবার খোলা রাখা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ ব্যবস্থার ফলে ব্যবসায়ীরা সহজে অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পাবেন। একই সঙ্গে বড় অঙ্কের নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে।
ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে নিজেদের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট শাখা বা উপশাখা পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত এ বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

মতামত দিন