‘ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক,এরদোয়ানকে আমি থামিয়েছি’— ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে তুরস্ক প্রস্তুত ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের হস্তক্ষেপেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সংঘাত থেকে সরে দাঁড়ান বলে জানান তিনি।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এরদোয়ান ইরানের পক্ষে অবস্থান নিতে আগ্রহী ছিলেন। তার দাবি, ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাবের কারণেই তুরস্ক এমন অবস্থান নিয়েছিল। তবে তিনি সরাসরি অনুরোধ করায় আঙ্কারা শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায়নি।
তুরস্কের সামরিক সক্ষমতা নিয়েও কথা বলেন ট্রাম্প। এফ-৩৫ যুদ্ধবিমান এবং দেশীয়ভাবে তৈরি যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় জেট ইঞ্জিন সংগ্রহে আঙ্কারার অনুরোধের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার কথাও জানান।
ট্রাম্পের দাবি, শুধু তুরস্ক নয়, সংঘাতের সময় চীন ও রাশিয়াও সরাসরি সম্পৃক্ত হতে পারত। তবে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পরিস্থিতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন এবং বেইজিং তা মেনে নেয়।
রাশিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সংঘাতে জড়াননি। তার মতে, মস্কোর অন্য অগ্রাধিকার থাকলেও রাশিয়া শেষ পর্যন্ত এই সংঘাত থেকে দূরে ছিল।
ট্রাম্পের ভাষায়, বড় শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততা এড়ানো সম্ভব হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়নি। তিনি এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর

মতামত দিন