হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় কমল বিশ্ববাজারে তেলের দাম।
নিজেস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল আবার শুরু হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির আভাস মিলেছে। এর প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে, যা সপ্তাহের মাঝামাঝি সময়ে উল্লেখযোগ্যভাবে নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার লেনদেনে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমে ৭৩ ডলারের নিচে নেমে যায়। একইভাবে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআইও দরপতনের মুখে পড়ে এবং ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচাকাছি অবস্থান করে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে। এতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নতুন করে বাজার মূল্যায়ন শুরু করেছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সমঝোতার পর একাধিক তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। দীর্ঘ সময় আটকে থাকা এসব জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রয়েছে, যা শিগগিরই আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে। ফলে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। উপসাগরীয় অঞ্চলের তেল ও এলএনজির বড় অংশ এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে যায়। তাই প্রণালিটির কার্যক্রম স্বাভাবিক থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারেও স্থিতিশীলতা বজায় থাকে।
তবে পরিস্থিতি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। ইরানের সামরিক কর্তৃপক্ষ এখনো প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নির্দিষ্ট নির্দেশনা অনুসরণের কথা বলছে। ফলে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা পুরোপুরি দূর হয়নি।
মতামত দিন