আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বেইজিংয়ে রাষ্ট্রীয় সম্মাননায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাগত জানালেন লি কিয়াং।

নিজেস্ব প্রতিবেদক:

চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় অভ্যর্থনায় দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়।

রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাই থেকে বিশেষ মোটরকেডে গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান লি কিয়াং। পরে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে তোপধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। পরে দুই দেশের সরকারপ্রধান সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছানো প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেন। সেখানকার কর্মসূচি শেষ করে তিনি বুলেট ট্রেনে বেইজিংয়ে যান।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। তবে রাজনৈতিক জীবনের শুরুতে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবেও তিনি চীন সফর করেছিলেন। প্রায় আড়াই দশক পর এবার তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে একই রাষ্ট্রীয় মঞ্চে আনুষ্ঠানিক সংবর্ধনা পেলেন।

মতামত দিন