ভারতের ট্যুরিস্ট ভিসা মিলবে যেসব ৫ কেন্দ্রে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা।
প্রথম ধাপে যে পাঁচটি কেন্দ্রে এই সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রেও এই সেবা চালু হবে।
বন্ধ হওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমণ্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র লুণ্ঠিত ও অগ্নিসংযোগের শিকার হয় এবং বিভিন্ন শহরের পাঁচটি ভিসা আবেদনকেন্দ্রেও হামলা হয়। নিরাপত্তাজনিত এই পরিস্থিতিতে ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয় হাইকমিশন।
তবে ওই সময় থেকেই চিকিৎসা, ব্যবসাসহ জরুরি ভিসা চালু ছিল। হাইকমিশন জানিয়েছে, এখনও প্রতিদিন দেড় হাজারের বেশি ভিসা ইস্যু হচ্ছে, কেবল ট্যুরিস্ট ভিসাটাই বন্ধ ছিল। এবার সেই শূন্যতাও পূরণ হলো।

মতামত দিন