ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যা, আহত বড় মেয়ে ঢাকায়।
স্বামী হারানোর পর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনোমতে দিন পার করছিলেন শাহীনুর বেগম। আজ ভোরে সেই সংসারে ঢুকে পড়ল ঘাতকরা।
আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার ভবন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
পরিবারটির মূল বাড়ি কুমিল্লার হোমনায়। কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহীনুরের স্বামী কামাল। এরপর থেকে সন্তানদের নিয়ে রায়পুরের এই ভাড়া বাসায় থাকতেন তিনি।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা ভ্রাম্যমাণ ফল বিক্রেতা জহির হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে পাঠায়।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাশেদ জানিয়েছেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই নৃশংস ঘটনায় পুরো রায়পুরে এখন চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
মতামত দিন