অর্থনীতি
ছবি: সংগৃহীত

সরকারের ঋণ পরিশোধ পরিকল্পনা জানালেন অর্থমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

বিগত সরকারের রেখে যাওয়া বিশাল ঋণের বোঝা এখন বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে। আজ বৃহস্পতিবার এক সেমিনারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, সেই ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা।

এই বিপুল দায় পরিশোধ করতে গিয়ে সরকারের আর্থিক সক্ষমতার জায়গা সংকুচিত হয়ে পড়েছে।

তবে চাপের মধ্যেও থামছে না সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামীতে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনতে এবার ডিজিটাল ড্যাশবোর্ড চালুর ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত প্রতিটি প্রকল্পের দৈনন্দিন অগ্রগতি সরাসরি মনিটর করা হবে। কোনো প্রকল্পে কাজ থমকে গেলে তাৎক্ষণিকভাবে ড্যাশবোর্ডে সংকেত দেবে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জবাবদিহি করতে হবে।

অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বাজেটের শতভাগ না হলেও অন্তত ৮০ শতাংশ বাস্তবায়ন করা গেলে প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ সম্ভব হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত 'ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড' শীর্ষক এই সেমিনারে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকরাও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

মতামত দিন