খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা,কোরিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে।

নিজেস্ব প্রতিবেদক:

২৭ বছরের আক্ষেপ ঘুচল এক গোলে। বৃহস্পতিবার মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবার জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

১৯৯৮ সাল থেকে বিশ্বকাপ খেলে আসছে তারা, কিন্তু গ্রুপ পর্বের দেয়াল কখনও টপকাতে পারেনি। এবার সেই দেয়ালটা ভেঙে দিলেন থাপেলো মাসেকো।

ম্যাচের আগের হিসাব বলছিল ভিন্ন কথা। ড্র করলেই নকআউটে যেতে পারত দক্ষিণ কোরিয়া, আর দক্ষিণ আফ্রিকার চাই ছিল পূর্ণ তিন পয়েন্ট। শক্তি ও অভিজ্ঞতায়ও এগিয়ে ছিল কোরিয়ানরাই। কিন্তু মাঠের গল্পটা লেখা হলো অন্যভাবে।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে শেপাং মোরেমির পাস পেয়ে বাম পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান মাসেকো। ১৫ গজ দূর থেকে নেওয়া সেই শট গিয়ে বিঁধল গোলপোস্টের ডান কোণে। গোল হজমের পর মরিয়া হয়ে আক্রমণে নামে কোরিয়া, মাঠে নামেন সন হিউং-মিনও। কিন্তু দক্ষিণ আফ্রিকার রক্ষণ আর গোলরক্ষক রোয়েন উইলিয়ামস হয়ে ওঠেন দুর্ভেদ্য।

তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে গেল দক্ষিণ আফ্রিকা। ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে রাউন্ড অব ৩২-এ তাদের মুখোমুখি হবে কানাডা।

গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রকে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিকরা। আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া এখন তাকিয়ে আছে অন্য গ্রুপের ফলাফলের দিকে — সেরা আট তৃতীয় দলের একটি হলে তাদেরও নকআউটের সুযোগ আছে।

মতামত দিন