৩৩ বছরের সংগীতযাত্রা উদযাপনে প্রথমবার স্টকহোমে গাইবেন বালাম।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের ভক্তদের মাতিয়ে আসছেন বালাম। এবার সেই দীর্ঘ পথচলার উদযাপনে প্রথমবারের মতো সুইডেনের মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি।
সুইডেনে যাওয়ার আগে ইউরোপ সফরের অংশ হিসেবে ইতালির রোম ও ভেনিসেও পারফর্ম করবেন তিনি। প্রবাসী দর্শকদের সামনে গাওয়ার সুযোগ নিয়ে বালাম বলেন, প্রথমবার সুইডেনে যাচ্ছেন, প্রবাসী শ্রোতাদের সঙ্গে দেখা হবে এই ভাবনাতেই ভালো লাগছে তার।
স্টকহোমের বাংলাদেশি কমিউনিটিতে এই অনুষ্ঠান নিয়ে ইতোমধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আয়োজক সংগঠন স্টেজ ফর ইয়ুথ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি ইলিয়াস হোসাইন জানিয়েছেন, বালামের মতো জনপ্রিয় শিল্পীকে প্রথমবার স্টকহোমে আনতে পেরে তারা আনন্দিত।
অনুষ্ঠানে বালামের দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় গানগুলো শোনার পাশাপাশি খাবার ও বিভিন্ন স্টলেরও আয়োজন থাকবে। সম্প্রতি 'ও প্রিয়তমা' ও 'রাজকুমার' গান দিয়ে আবারও আলোচনায় আসা এই শিল্পী এখন নতুন গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

মতামত দিন