আগামী রোববার সারাদেশে ভিটামিন 'এ' ক্যাম্পেইন, উপকৃত হবে আড়াই কোটি শিশু।
আগামী ২৮ জুন রোববার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৪০ লাখের বেশি শিশুকে এদিন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সীরা পাবে নীল রঙের ক্যাপসুল, আর ১২ থেকে ৫৯ মাস বয়সীদের দেওয়া হবে লাল রঙের ক্যাপসুল।
কেউ বাদ না পড়ে সেজন্যও ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট দিনে কেউ মিস করলে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুযোগ পাবেন। আর দুর্গম এলাকার শিশুদের জন্য ২৮ জুনের পর আরও চার দিন ক্যাম্পেইন চলবে। লঞ্চঘাট ও বাস টার্মিনালসহ অতিরিক্ত ৫০০টি মোবাইল ক্যাম্পেইনও থাকবে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। শিশুস্বাস্থ্য সুরক্ষায় বছরে দুইবার এই ক্যাপসুল খাওয়ানো জরুরি।

মতামত দিন