অপরাধ
ছবি: সংগৃহীত

চাঁদা না পেয়ে দোকান লুট ও দখল, কারাগারে বিএনপি নেতা বাবা-ছেলে।

নিজেস্ব প্রতিবেদক:

১০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন, না পেয়ে ভাঙচুর করে দোকান দখল করে নিয়েছিলেন। সেই অভিযোগে শেষ পর্যন্ত কারাগারে যেতে হলো শরীয়তপুরের জাজিরা উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরকে।

মঙ্গলবার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ঘটনার সূত্রপাত গত বছরের ২ ডিসেম্বর রাতে। মানিকনগর এলাকার ব্যবসায়ী ছোবহান মাদবরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন সুরুজ মাদবর ও তার ছেলে। চাঁদা দিতে অস্বীকার করায় কাজীরহাটে ছোবহানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। মালামাল লুট, নগদ অর্থ আত্মসাৎ এবং প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে দোকানটি দখলে নেওয়া হয় বলে অভিযোগ।

ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়ের হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে পরোয়ানা জারির পরও দীর্ঘদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় সমালোচনা তৈরি হয়। পরে হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নেন তারা। সেই মেয়াদ শেষ হলে মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

উপজেলা বিএনপির সভাপতি বলেছেন, অনৈতিক কাজে জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুরুজ মাদবর এখনও উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে বহাল রয়েছেন।

মতামত দিন