ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট ও বিলিয়ন ডলার বাণিজ্যের প্রস্তাব নিয়ে সংসদে ইরানের রাষ্ট্রদূত।
বাংলাদেশ-ইরান সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আলোচনা হলো জাতীয় সংসদে। আজ সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী।
ইরানের রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুতে স্পিকারের সহযোগিতা চান। পাশাপাশি বাংলাদেশে ইরানের বাণিজ্য ও বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ প্রকাশ করেন। সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী বাংলাদেশে রফতানির প্রস্তাবও দেন তিনি। বিপরীতে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে ইরানের গভীর আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত। এছাড়া ইরানের চিকিৎসা সেবা নিতে বাংলাদেশিদের উৎসাহিত করার অনুরোধও করেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের সংসদীয় টিম গঠনের ওপর জোর দেন এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়লে উভয় দেশই লাভবান হবে বলে মত দেন। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের যুদ্ধকালীন ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বৈঠকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাসের জন্য রাষ্ট্রদূত স্পিকারকে বিশেষ কৃতজ্ঞতা জানান।

মতামত দিন