ট্রিলিয়নিয়ার মর্যাদা হারালেন ইলন মাস্ক।
ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার গৌরব বেশিদিন ধরে রাখতে পারলেন না ইলন মাস্ক। মাত্র দুই সপ্তাহের মধ্যেই সেই মুকুট খুলে গেছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স বলছে, মঙ্গলবার মাস্কের মোট সম্পদ নেমে এসেছে ৯৫৭ বিলিয়ন ডলারে। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও সেটি ছিল ১ দশমিক ৩২ ট্রিলিয়ন ডলার।
গল্পটা শুরু হয়েছিল গত ১২ জুন। সেদিন নাসডাকে স্পেসএক্সের আইপিও হওয়ার পর কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারের বেশি। স্পেসএক্সের প্রায় ৪২ শতাংশ শেয়ারের মালিক মাস্কের সম্পদ এক লাফে এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ১৬ জুন সর্বোচ্চে উঠে শেয়ারের দাম পৌঁছায় ২২৫ ডলারের ওপরে।
কিন্তু সেই উচ্চতা টেকেনি। এআই অবকাঠামো নির্মাণের বিপুল খরচ, মূলধনী ব্যয় বৃদ্ধি আর উচ্চ সুদের হারের উদ্বেগে প্রযুক্তি খাতে ধস নামে। স্পেসএক্সের শেয়ার সর্বোচ্চ থেকে ৩০ শতাংশের বেশি কমে নেমে আসে প্রায় ১৫৬ ডলারে। একই সঙ্গে টেসলার শেয়ারও প্রায় ৬ শতাংশ পড়ে যায়।
বিশ্লেষকরা বলছেন, মাস্কের সম্পদের প্রায় ৮০ শতাংশই স্পেসএক্সে এবং বাকি বড় অংশ টেসলায় — মাত্র দুটি কোম্পানির ওপর এতটা নির্ভরশীলতাই তার ট্রিলিয়নিয়ার মর্যাদাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
তবে আশার কথাও আছে। স্পেসএক্সের শেয়ার মাত্র ৬ শতাংশ ঘুরে দাঁড়ালেই মাস্ক আবার ট্রিলিয়নিয়ার হয়ে যাবেন।
সূত্র: বিবিসি

মতামত দিন