সঞ্চয়পত্র বিক্রিতে গড়িমসি নয়, ব্যাংকগুলোকে কঠোর বার্তা কেন্দ্রীয় ব্যাংকের।
সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের নিরুৎসাহিত করা বা সেবা প্রদানে অনীহার অভিযোগ পাওয়ার পর সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সঞ্চয়পত্র বিক্রি ও সংশ্লিষ্ট সেবা নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিভিন্ন গ্রাহকের কাছ থেকে এমন অভিযোগ এসেছে যে, সঞ্চয়পত্র বিক্রির অনুমোদন থাকা সত্ত্বেও কিছু ব্যাংক নানা অজুহাতে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে বা প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে না।
এ পরিস্থিতিতে ব্যাংকগুলোকে সঞ্চয়পত্র ইস্যু অফিস হিসেবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান নিশ্চিত করতে হবে এবং সঞ্চয়পত্র ক্রয়ের পুরো প্রক্রিয়া সহজ ও গ্রাহকবান্ধব রাখতে হবে।
এ ছাড়া প্রতিটি শাখায় সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকির পাশাপাশি অভিযোগ গ্রহণের ব্যবস্থা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ নিশ্চিত করা এবং গ্রাহকদের হয়রানি রোধে ব্যাংকগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। তাই এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

মতামত দিন