জাতীয়
ছবি: সংগৃহীত

দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রীয় আয়োজনে উষ্ণ অভ্যর্থনা।

নিজেস্ব প্রতিবেদক:

চীনের দালিয়ান সফর শেষ করে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে তিনি ও তার সফরসঙ্গীরা দেশটির রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিশেষ প্রোটোকলে বেইজিংয়ে পৌঁছান।

বেইজিংয়ের চাওইয়াং রেলস্টেশনে পৌঁছালে চীনের শুল্ক প্রশাসনের প্রধান এবং কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা সুন মেইজুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে ফুল দিয়ে বরণ করে নেয় শিশু-কিশোররা। স্টেশনে তাদের সম্মানে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনারও প্রদান করা হয়।

পরে কঠোর নিরাপত্তা ও বিশেষ মোটরকেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময় তিনি ও তার প্রতিনিধিদল সেখানেই অবস্থান করবেন।

এর আগে দুপুরে দালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে পররাষ্ট্র, জ্বালানি, প্রতিরক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান–সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

বেইজিংয়ে যাওয়ার আগে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেন তারেক রহমান। বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।

মালয়েশিয়া সফর শেষে গত সোমবার চীনে পৌঁছান প্রধানমন্ত্রী। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চীন সফর। কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সফরটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন