জাতীয়
ছবি: সংগৃহীত

বিশেষ উদ্যোগে চার কার্যদিবসেই নিষ্পত্তি ২০ হাজারের বেশি পুরোনো মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

হাইকোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার জট কমাতে নেওয়া বিশেষ উদ্যোগে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। মাত্র চারটি নির্ধারিত কার্যদিবসে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিচার ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় পুরোনো ফৌজদারি ও রিট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত মে মাস থেকে বিশেষ কার্যক্রম শুরু হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একদিন শুধুমাত্র দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাগুলো শুনানির জন্য তালিকাভুক্ত করা হচ্ছে।

এ উদ্যোগের ফলে ৭ মে থেকে ১৮ জুন পর্যন্ত চার কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৪০।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। মামলা জট কমাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও সুপ্রিম কোর্টের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তিনি জানান, দ্রুত নিষ্পত্তির উপযোগী প্রায় ১ হাজার ৪০০ মামলার একটি তালিকাও আদালতের কাছে দেওয়া হয়েছে। পাশাপাশি মামলা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে কয়েকটি সুপারিশ প্রধান বিচারপতির কাছে তুলে ধরা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের মতে, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, বছরের পর বছর ধরে জমে থাকা মামলা কমানো এবং আদালতের কার্যক্রমে গতি আনাই এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য। বর্তমান ধারা অব্যাহত থাকলে উচ্চ আদালতে মামলার জট উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন