১ জুলাই থেকে বদলে যাচ্ছে উৎসে করের হার, সম্মানীতে কাটবে ২০ শতাংশ।
আগামী ১ জুলাই থেকে বিভিন্ন সেবার বিপরীতে উৎসে কর বা টিডিএস কর্তনের নিয়মে বড় পরিবর্তন আসছে। আয়কর আইনের ধারা ৯০ অনুযায়ী নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই সংশোধিত হার কার্যকর হবে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মিটিং ফি, ট্রেনিং ফি ও সম্মানীতে — এ ক্ষেত্রে উৎসে কর কাটা হবে ২০ শতাংশ। অর্থাৎ বোর্ড সভা, সেমিনার বা প্রশিক্ষণে অংশ নিয়ে যারা সম্মানী পাবেন, তাদের হাতে আগের চেয়ে কম টাকা আসবে।
পরামর্শক বা উপদেষ্টা ফি এবং পেশাদার সেবায় ব্যক্তি পর্যায়ে কর হবে ১৫ শতাংশ, তবে কোম্পানি হলে ৭ দশমিক ৫ শতাংশ। কারিগরি সেবায় ব্যক্তির ক্ষেত্রে ১৫ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ।
ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, কুরিয়ার, প্যাকিং, মিডিয়া এজেন্সিসহ বেশ কয়েকটি সেবায় মোট বিলের ওপর কর হবে ৮ শতাংশ। মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ক্রেডিট রেটিং এজেন্সি ও শিপিং এজেন্সিতে ১০ শতাংশ। মোটর গ্যারেজ ও কনটেইনার পোর্টে ৫ শতাংশ।
কর বিশেষজ্ঞরা বলছেন, নতুন বিধানে সেবা খাতে কর আদায় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং উৎসে কর ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে।

মতামত দিন