বাজেট বিতর্কে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তপ্ত বাকযুদ্ধ।
বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনা হঠাৎ অন্য দিকে মোড় নেয়। কক্সবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন।
জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অভিযোগ করেন, আয়াতটির ভুল ব্যাখ্যা হচ্ছে এবং কোরআন-হাদিস নিয়ে এ ধরনের ব্যবহার দুঃখজনক। বিরোধী দলের আরেক সদস্য মুজিবুর রহমান সরাসরি অভিযোগ তোলেন, আয়াতটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে — বোঝানো হচ্ছে বাজেটের প্রশংসা না করলে বিরোধী দলের ওপর আজাব আসবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সালাউদ্দিন বলেন, মাহফুজুল্লাহ নিজেই একজন মাওলানা ও মাদ্রাসার ছাত্র, তিনি ইসলামের অবমাননা করতে পারেন না। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
উত্তেজনা বাড়তে থাকলে স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং বক্তব্য পর্যালোচনা করে ভুল ব্যাখ্যা পাওয়া গেলে তা রেকর্ড থেকে বাদ দেওয়ার আশ্বাস দেন। সবশেষে চিফ হুইপ নূরুল ইসলাম মণির বক্তব্যের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
মতামত দিন