ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামাবে সরকার: বাণিজ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন ব্যবসা শুরু করতে গিয়ে উদ্যোক্তাদের যে দীর্ঘ আমলাতান্ত্রিক ভোগান্তি পোহাতে হয়, তার অবসান ঘটাতে চায় সরকার। বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, লাইসেন্স প্রাপ্তি থেকে যন্ত্রপাতি আমদানি পর্যন্ত বর্তমানে যে ৩৫৫ দিন সময় লাগে, তা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনা হবে।

এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

শুধু লাইসেন্স নয়, বিনিয়োগের পরিবেশ উন্নয়নে আরও কয়েকটি পদক্ষেপের কথা জানান মন্ত্রী। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি জ্বালানি তেল ও সয়াবিন তেলসহ আমদানিনির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের 'কৌশলগত মজুত' গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে।

দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসা করার পরিবেশ সহজ করার বিকল্প নেই — এই বার্তাই বুধবারের কর্মশালায় স্পষ্ট করে দিলেন বাণিজ্যমন্ত্রী।

মতামত দিন