আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্রচণ্ড দাবদাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত যুক্তরাজ্য এবার তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইংল্যান্ড ও ওয়েলস মিলিয়ে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ওয়েলস। মধ্য ও দক্ষিণ ওয়েলসের ৫০০টির বেশি স্কুল বন্ধ, ব্লেনাউ গওয়েন্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসিসহ একাধিক শহরে পাঠদান কার্যক্রম স্থগিত। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলেও অবস্থা একইরকম — সেখানে অন্তত ৫৭৮টি স্কুল বন্ধ বা আংশিক চালু রয়েছে।

এই তাপপ্রবাহে নতুন ইতিহাস গড়েছে জার্সি দ্বীপপুঞ্জ। গত মঙ্গলবার সেখানে তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু এলাকায় অনলাইনে ক্লাস নেওয়ার কথাও ভাবছে কর্তৃপক্ষ। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন