অর্থনীতি
ছবি: সংগৃহীত

ভঙ্গুর ব্যাংক খাত সারাতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ব্যাংক খাতের দীর্ঘদিনের সংকট কাটাতে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। গত ২৩ জুন ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পরিচালক পর্ষদ 'ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২' শীর্ষক এই প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত নেয়।

কেন এই ঋণ দরকার হলো, সেটা সংখ্যাতেই স্পষ্ট। ২০২৬ সালের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ — দক্ষিণ এশিয়ার গড় মাত্র ৭ দশমিক ৯ শতাংশ। এর ওপর ২০২৫ সালের ডিসেম্বরে পুরো ব্যাংক ব্যবস্থার মূলধন অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ। দুর্বল করপোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি ক্যাপচার আর গোষ্ঠীস্বার্থে ঋণ দেওয়ার সংস্কৃতি এই খাতকে ভেতর থেকে ক্ষয় করে দিয়েছে।

এই প্রকল্পের আওতায় আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো হবে, জরুরি তারল্য সহায়তার কাঠামো তৈরি করা হবে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো আধুনিক করে সাইবার নিরাপত্তা ও তথ্য-নির্ভর তদারকি ব্যবস্থা শক্তিশালী করা হবে।

বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম মনে করিয়ে দিয়েছেন, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হলে আগে ব্যাংক খাতকে সুস্থ করতে হবে — কারণ দেশের মোট আর্থিক সম্পদের ৯০ শতাংশই এই খাতের হাতে।

মতামত দিন