ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাজার স্থিতিশীল রাখতে ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার টন ডাল কিনছে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

রমজান ও পরবর্তী সময়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বড় কেনাকাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এর আওতায় চার কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনা হবে।

ভোজ্যতেল কেনায় মোট ব্যয় হবে ৬৪৫ কোটি টাকার বেশি। দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনবে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, প্রতি লিটারের দাম পড়বে ১৮৩ টাকা ৯৫ পয়সা। আর দুই কোটি লিটার সয়াবিন তেল আসবে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল থেকে, প্রতি লিটার ১৬৪ টাকা ৭৭ পয়সায়।

মসুর ডাল কেনায় মোট খরচ ধরা হয়েছে প্রায় ১৬৭ কোটি টাকা। ১০ হাজার মেট্রিক টন দেশীয় সরবরাহকারী চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস দেবে, প্রতি কেজি ৮১ টাকা ৪৭ পয়সায়। বাকি ১২ হাজার ৫০০ মেট্রিক টন আসবে আবারও অস্ট্রেলিয়ার এমসিজি থেকে, প্রতি কেজি ৭৪ টাকা ৮৬ পয়সায়। এই ডাল টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই বিপুল পরিমাণ পণ্য সরকারি মজুদে থাকলে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমবে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য পাবেন।

মতামত দিন