ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও গাজার মতো হতো: পেজেশকিয়ান।
পাকিস্তান সফরে গিয়ে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকেও ধ্বংস করে দিত — বৃদ্ধ কিংবা তরুণ, কাউকেই রেহাই দিত না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছান পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারিসহ শীর্ষ নেতৃত্ব।
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার এই নাজুক সময়ে পেজেশকিয়ানের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড় দেওয়ার যেকোনো প্রস্তাব যে তেহরান সরাসরি নাকচ করবে — এই সফরেই সেটা আরেকবার পরিষ্কার করে দিলেন ইরানের প্রেসিডেন্ট।

মতামত দিন