হামলার পরেও থামেনি অভিযান, ধামরাইয়ে দ্বিতীয় দিনেও উচ্ছেদ অব্যাহত।
আগের দিন উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটলেও পিছু হটেনি প্রশাসন। বুধবার দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এবং স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। ঢুলিভিটা থেকে কেলিয়া পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা হকারদের দোকানপাট ও অস্থায়ী স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
ইউএনও মো. আল মামুন জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ চলছিল। একাধিকবার মাইকিং, নোটিশ ও সতর্কবার্তা দেওয়ার পরেও কেউ স্বেচ্ছায় সরে না যাওয়ায় শেষ পর্যন্ত অভিযানে নামতে হয়েছে। পাশাপাশি আগের দিন সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, অবৈধ দখল পুনরায় ঠেকাতে ভবিষ্যতেও এই অভিযান চলতে থাকবে।

মতামত দিন