হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলে অস্থায়ী করিডোর স্থাপন করল ওমান।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আরও নিরাপদ করতে মাঠে নেমেছে ওমান। দেশটির সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সঙ্গে মিলে একটি অস্থায়ী ট্রানজিট করিডোর তৈরির কাজ চলছে।
ওমান সরকার বলছে, এই করিডোর স্থাপনের উদ্দেশ্য কেবল নিরাপত্তা নিশ্চিত করা নয় — এটি আন্তর্জাতিক আইনের প্রতি দেশটির অঙ্গীকারেরও প্রতিফলন। প্রণালীটিতে সম্পূর্ণ টোলমুক্ত নৌচলাচল বজায় রাখার বিষয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে মাস্কাট। তবে এই করিডোর ব্যবহার করতে হলে জাহাজগুলোকে আইএমও-এর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রক্ষা করতে হবে।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহের বিশাল একটি অংশ এই প্রণালী দিয়েই যায়। ইরান-ইসরায়েল উত্তেজনাসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষাপটে ওমান ও আইএমও-এর এই যৌথ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মতামত দিন