জাতীয়
ছবি: সংগৃহীত

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে জরুরি নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

গাড়ি বিক্রি করে দিয়েছেন, কিন্তু কাগজে এখনও আপনার নাম — এই অবহেলাই এখন অনেকের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে। বিআরটিএ জানাচ্ছে, মোটরযান হাতবদল হওয়ার পরও নতুন ক্রেতারা মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সারছেন না।

ফলে গাড়ির সঙ্গে যুক্ত অগ্রিম আয়কর, পরিবেশ সারচার্জসহ নানা আর্থিক দায় পুরনো মালিকের ঘাড়েই ঝুলে থাকছে। বিশেষ ক্ষেত্রে এই অগ্রিম আয়কর ১৫০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে আইনগত ব্যবস্থার মুখেও পড়তে হতে পারে।

তবে সুখবর হলো, পুরো প্রক্রিয়াটা এখন অনেকটাই ঝামেলামুক্ত। bsp.brta.gov.bd-তে অনলাইনে আবেদন করলেই হয়। এরপর বিক্রেতা সশরীরে উপস্থিত হয়ে হ্যান্ড-হেল্ড ডিভাইসে আঙুলের ছাপ দিলে সেদিনই মালিকানা বদল হয়ে যায়। ক্রেতাও একই দিনে বায়োমেট্রিক দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে পারেন।

গাড়ি বেচে নিশ্চিন্ত থাকার দিন শেষ — কাগজপত্র না মেলালে বিপদ আপনারই।

মতামত দিন