আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ঘিরে তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, লাখো মানুষের অংশগ্রহণে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত তেহরান প্রদেশে সরকারি দপ্তর ও অধিকাংশ প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় খামেনির স্মরণে বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হবে।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দুই দিন রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজার আয়োজন করা হবে। শেষ দিনে সম্পন্ন হবে দাফনকার্য।

প্রথমে দুই দিনের ছুটির পরিকল্পনা থাকলেও পরে দাফনের দিনসহ পুরো তিন দিনই তেহরানে ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ৬ জুলাই সারা দেশে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

খামেনির মৃত্যুতে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও ধর্মীয় মহল তার স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন শহরে শোকসভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া খামেনি দীর্ঘ সময় দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে ছিলেন। তার মৃত্যু ইরানের সমসাময়িক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন