বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটিতে এলো ‘শিডিউল’ ফিচার, নির্দিষ্ট সময়ে দেবে রিমাইন্ডার ও আপডেট।

নিজেস্ব প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী হিসেবে চ্যাটজিপিটির সক্ষমতা আরও বাড়াতে নতুন ‘শিডিউল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বিরতিতে বিভিন্ন কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারবেন, ফলে গুরুত্বপূর্ণ কাজ মনে রাখার ঝামেলা অনেকটাই কমে যাবে।

নতুন এই ফিচার শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী এটি নির্ধারিত সময়ে রিমাইন্ডার পাঠাতে, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে এবং নির্দিষ্ট বিষয়ে নিয়মিত আপডেট জানাতেও সক্ষম।

এখন ব্যবহারকারীরা এককালীন কিংবা পুনরাবৃত্তিমূলক বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য চ্যাটজিপিটিকে নির্দেশ দিতে পারবেন। প্রয়োজন হলে নির্ধারিত কাজের সময় পরিবর্তন, সাময়িক বিরতি অথবা পুরোপুরি বাতিল করার সুবিধাও রাখা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই সংযোজনের ফলে চ্যাটজিপিটি সাধারণ চ্যাটবটের সীমা ছাড়িয়ে আরও কার্যকর ব্যক্তিগত ডিজিটাল সহকারীতে পরিণত হবে। ব্যবহারকারীর আগ্রহের বিষয় পর্যবেক্ষণ করে নতুন পণ্য উন্মোচন, গুরুত্বপূর্ণ ইভেন্ট কিংবা নির্দিষ্ট খাতের সর্বশেষ তথ্যও স্বয়ংক্রিয়ভাবে জানাতে পারবে এটি।

ফিচারটি ব্যবহারের জন্য ওয়েব ও মোবাইল অ্যাপের সাইডবারে আলাদা ‘শিডিউল’ অপশন যুক্ত করা হয়েছে। সেখান থেকে নতুন টাস্ক তৈরি, বিদ্যমান টাস্ক পরিচালনা, সময়সূচি পরিবর্তন বা মুছে ফেলার কাজ করা যাবে। পাশাপাশি চ্যাটের মধ্যেও সরাসরি সময় নির্ধারণ করে নির্দেশনা দেওয়া সম্ভব হবে।

তবে নির্ধারিত সময়ের নোটিফিকেশন পেতে ব্যবহারকারীদের ব্রাউজার বা স্মার্টফোনে নোটিফিকেশন সুবিধা চালু রাখতে হবে। নোটিফিকেশন সক্রিয় থাকলে চ্যাটজিপিটি নিজ থেকেই প্রয়োজনীয় রিমাইন্ডার, তথ্য বা আপডেট পাঠাবে।

প্রাথমিকভাবে এই সুবিধা অর্থের বিনিময়ে চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত সক্ষমতা নিয়ে এটি ব্যক্তিগত কাজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি টুল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন