আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে পুড়ছে ইতালি, ১৫ শহরে ‘লাল সতর্কতা’ জারি।

নিজেস্ব প্রতিবেদক:

অস্বাভাবিক গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালি। তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছানোয় দেশটির ১৫টি শহরে সর্বোচ্চ পর্যায়ের ‘লাল সতর্কতা’ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) জারি করা এই সতর্কতার আওতায় রয়েছে রাজধানী রোম ও অর্থনৈতিক কেন্দ্র মিলানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে বুধবার সতর্কতাধীন শহরের সংখ্যা ১৬-তে উন্নীত হতে পারে।

ইতালিতে ‘লাল সতর্কতা’ এমন একটি অবস্থা নির্দেশ করে, যেখানে তীব্র তাপপ্রবাহ শুধু বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের নয়, সুস্থ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

এ অবস্থায় নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ করে দিনের সবচেয়ে উষ্ণ সময়ে ঘরের ভেতরে অবস্থান, পর্যাপ্ত পানি পান এবং সহজপাচ্য ও হালকা খাবার গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঠান্ডা পানি ব্যবহার এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপজুড়ে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

মতামত দিন