অপরাধ
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ চায় দুদক।

নিজেস্ব প্রতিবেদক:

বিদেশে অবস্থানরত কয়েকজন আলোচিত পলাতক ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করতে পুলিশের কাছে আবেদন পাঠানো হয়েছে।

দুদক সূত্র জানায়, তালিকায় শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, ব্যবসায়ী এস আলম এবং সাবেক সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী রয়েছেন।

সম্প্রতি রেড নোটিশভুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে আটক হওয়ার পর আন্তর্জাতিকভাবে পলাতক আসামিদের অবস্থান ও প্রত্যর্পণের বিষয়টি আবারও আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে দুদক তাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ আরও জোরদার করেছে।

দুদকের জনসংযোগ শাখা জানিয়েছে, আদালতের নির্দেশনার ভিত্তিতেই রেড নোটিশ চেয়ে আবেদন করা হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী আবেদনটি প্রথমে পুলিশ সদর দপ্তরে যাবে, পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হবে।

দুদকের কর্মকর্তারা বলছেন, অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাই তাদের লক্ষ্য। তবে রেড নোটিশ জারি হলেও কাউকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের আইন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের নিজস্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার ওপর।

এ কারণে আবেদন করার পরও অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার সময়সীমা বা সম্ভাবনা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন