সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকারের ক্ষোভ, উপস্থিতি নিশ্চিতের আহ্বান।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং সংসদ কক্ষে সদস্যদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলোচনা করার প্রবণতায় অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদ অধিবেশনই রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই এখানে সকল মন্ত্রীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি।
মঙ্গলবার (২৩ জুন) বাজেট আলোচনার সময় বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি উত্থাপন করলে স্পিকার এ বিষয়ে কঠোর অবস্থান জানান।
স্পিকার বলেন, রাষ্ট্রীয় যত কাজই থাকুক না কেন, সংসদ অধিবেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মন্ত্রীরা যেন নিয়মিতভাবে সংসদে উপস্থিত থাকেন এবং নিজেদের মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা মনোযোগ দিয়ে শোনেন—এটি তাদের দায়িত্বের অংশ।
তিনি সরকারদলীয় চিফ হুইপকে নির্দেশনা দিয়ে বলেন, মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংসদ সদস্যদের বক্তব্য ও প্রশ্নগুলো সংশ্লিষ্ট মন্ত্রীরা শুনলে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে স্পিকারের প্রচেষ্টা থাকলেও অনেক সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অধিবেশন কক্ষে অনুপস্থিত থাকেন, যা কার্যক্রমের মান কমিয়ে দেয়।
এ ছাড়া অধিবেশন চলাকালে সদস্যদের ছোট দলে ভাগ হয়ে আলাপ-আলোচনা করাকেও অনুচিত হিসেবে উল্লেখ করা হয়। স্পিকার বলেন, সংসদে সবাইকে নিজ নিজ আসনে বসে কার্যক্রমে মনোযোগ দিতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এদিন অধিবেশন কিছুটা দেরিতে শুরু হওয়া এবং কয়েকজন মন্ত্রীর অনুপস্থিতিও আলোচনায় আসে। পরে স্পিকার সংসদকে আরও কার্যকর ও শৃঙ্খলাপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতামত দিন