জাতীয়
ছবি: সংগৃহীত

তিস্তার পানি বিপৎসীমা ছাড়াল, ৪৪ গেট খুলে সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এর ফলে লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের সবকটি ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার পরিমাপে তিস্তার পানির উচ্চতা দাঁড়ায় ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার, যা নির্ধারিত বিপৎসীমার চেয়ে ১ সেন্টিমিটার বেশি। কয়েক ঘণ্টা আগেও পানি বিপৎসীমার নিচে থাকলেও দুপুরের পর তা দ্রুত বৃদ্ধি পায়।

পানির এই ঊর্ধ্বগতিতে তিস্তা তীরবর্তী এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন চর ও নিম্নাঞ্চলে থাকা আমনের বীজতলা, বাদামক্ষেত, মিষ্টিকুমড়াসহ মৌসুমি ফসল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, ইতোমধ্যে নদীর পানি নিচু জমিতে প্রবেশ করতে শুরু করেছে। পানি আরও বাড়লে কৃষিজমির ব্যাপক ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

ডালিয়া ব্যারাজের পানি পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, নদীর প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে সব জলকপাট খোলা রাখা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে। তাই তিস্তা অববাহিকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন