সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের।
ধানমণ্ডি ৩২ নম্বরে রাজনৈতিক কর্মসূচির সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হামলা বা হয়রানির শিকার হোক, তা জামায়াত সমর্থন করে না। দলটি সবসময় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারকে সম্মান করে এসেছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে জামায়াতের দাবি, কর্মসূচি শেষ হওয়ার পর কিছু বহিরাগত ও অতিউৎসাহী ব্যক্তির উসকানিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ঘটনায় দলের কোনো কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মহানগর দক্ষিণ জামায়াত একটি তদন্ত কমিটি গঠন করেছে। মহানগর কর্মপরিষদের সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এই কমিটিকে আগামীকালের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হবে। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন বিভাজন বা অস্থিতিশীলতা তৈরির সুযোগ না পায়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন