ট্রাম্পের হুমকিতে বৈঠক ছাড়ে ইরানি প্রতিনিধি দল।
মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নতুন এক পরীক্ষার মুখে পড়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া মন্তব্য ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হলে ইরানি প্রতিনিধিদল আলোচনাস্থল ছেড়ে যায়।
রোববার বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ইরানের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন অব্যাহত রাখার পরিণতি নিয়ে সতর্কবার্তা দেন। তার ওই বক্তব্যের পরপরই ইরানের প্রতিনিধিরা স্থান ত্যাগ করলে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তাদের প্রতিনিধিদল সরে যায়। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের দেওয়া বার্তাও উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনৈতিক কর্মকর্তা জানিয়েছেন, তেহরান এখনো সংলাপ প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করেনি। মধ্যস্থতাকারীদের কাছেও তারা আলোচনা বন্ধের কোনো বার্তা দেয়নি।
ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, কথার চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে ইরানের সশস্ত্র বাহিনী যথাযথ জবাব দিতে সক্ষম।
বৈঠকের শুরুতে পারমাণবিক কর্মসূচি নয়, বরং সাম্প্রতিক সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং লেবাননের পরিস্থিতি নিয়েই বেশি আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিশেষ করে লেবাননে চলমান উত্তেজনা আলোচনার অগ্রগতিকে প্রভাবিত করছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা মোতায়েন অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি পুনরায় জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনাকে সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে হলে পারস্পরিক অবিশ্বাস ও আঞ্চলিক সংঘাতের বাধা অতিক্রম করতে হবে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আলোচনা সফল হলে আগামী দুই মাসের মধ্যে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনার পথ খুলে যেতে পারে। তবে লেবানন সংকট এবং উভয় পক্ষের কড়া অবস্থান এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

মতামত দিন