১৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত।
দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া আরও বৈরী হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ ১৩ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে প্রকাশিত বিশেষ পূর্বাভাসে সংস্থাটি জানায়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে আবহাওয়ার আকস্মিক অবনতি ঘটতে পারে। এসব এলাকায় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা কিংবা ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়েছে অধিদপ্তর। সন্ধ্যা পর্যন্ত আট বিভাগেই কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি আগামী কয়েক দিনে বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়ার প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন