ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীতে আ:লীগ নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা।
নিজেস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সাবেক জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় নাম উল্লেখ করে ১৪ জনকে আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল ব্রিজসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে আকস্মিক মিছিল বের করেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন।
ঘটনার পর স্থানীয় সূত্র, ভিডিও ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়। তদন্তে একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রচার এবং কর্মসূচিকে উৎসাহ দেওয়ার অভিযোগও উঠে আসে।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ এবং সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু। অভিযোগে বলা হয়েছে, তাদের নির্দেশনা ও পরিকল্পনায় মিছিলটি আয়োজন করা হয় এবং এর মাধ্যমে জনমনে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়।
দুর্গাপুর থানার পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত শিমুল আহমেদ, আতিকুর রহমান খোকন ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
মতামত দিন