জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে এক হাজার ১৩৫ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, নতুন মৃত্যুগুলোর সবই হামের উপসর্গজনিত। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২৬ জন শিশু। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। একই সময়ে ৯৭৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯৮৬ জন হাসপাতাল ত্যাগ করেছে।

মহামারিটির শুরু থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় ১১ হাজার ২৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মোট ৭৮ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হলেও তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মতামত দিন